গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ ১৪ আগস্ট ২০২৬। এই নীতি ‘দান নয়, ধার’ ওয়েবসাইট এবং দুটি মোবাইল অ্যাপ — ধারগ্রহীতার অ্যাপ ও স্বেচ্ছাসেবকের অ্যাপ — এর জন্য প্রযোজ্য।
১. আমরা কী সংগ্রহ করি
পরিচয় ও যোগাযোগ: এনআইডি অনুযায়ী নাম, প্রয়োজনে ফেসবুক নাম, মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেইল, অভিভাবকের নাম ও নম্বর, লিঙ্গ, ধর্ম, রক্তের গ্রুপ, ফেসবুক প্রোফাইল লিংক।
শিক্ষাগত: প্রতিষ্ঠান, বিভাগ, ব্যাচ, রোল, সেশন, হল ও রুম নম্বর, পেশা।
ঠিকানা: বর্তমান ঠিকানা, নিজ জেলা, স্থায়ী ঠিকানা।
কাগজপত্র: পাসপোর্ট সাইজ ছবি এবং এনআইডি বা জন্ম নিবন্ধনের ছবি ও নম্বর।
ধার সংক্রান্ত: আবেদনের পরিমাণ, উদ্দেশ্য, মেয়াদ, পরিশোধ পরিকল্পনা, কিস্তির হিসাব, পরিশোধের প্রমাণ (স্ক্রিনশট ও ট্রানজেকশন আইডি)।
যোগাযোগ: অ্যাপের ভেতরে পাঠানো বার্তা ও ছবি।
কারিগরি: অনলাইন থাকার সময়, সর্বশেষ সক্রিয় সময়, বিজ্ঞপ্তির জন্য ডিভাইস টোকেন, ভাষা ও থিমের পছন্দ।
ব্যবহারের পরিসংখ্যান: কোন স্ক্রিন খোলা হয়, ফরমের কোন ধাপে মানুষ থেমে যান, কোন কাজ ব্যর্থ হয়, ডিভাইসের মডেল ও অ্যাপের সংস্করণ, এবং একটি এলোমেলোভাবে তৈরি শনাক্তকারী। টাকার অঙ্ক কেবল বিস্তৃত ধাপে রাখা হয় — “২,৫০০ থেকে ৫,০০০ টাকা” — সঠিক পরিমাণ নয়। আপনার নাম, ফোন, ঠিকানা, কাগজপত্র, বার্তা বা ধারের বিবরণ এতে কখনো যায় না। এর একটাই উদ্দেশ্য: যাঁদের সত্যিই দরকার তাঁদের জন্য অ্যাপ কোথায় ব্যর্থ হচ্ছে তা জানা, যাতে ঠিক করা যায়। সেটিংস থেকে বন্ধ করতে পারেন।
২. কেন সংগ্রহ করি
ধারের আবেদন যাচাই ও অনুমোদন করতে, কিস্তির হিসাব রাখতে, আপনার সাথে যোগাযোগ করতে, এবং তহবিলের হিসাব স্বচ্ছ রাখতে। কোনো তথ্য বিজ্ঞাপন বা বিপণনে ব্যবহৃত হয় না।
৩. কে দেখতে পায়
এনআইডি ও জন্ম নিবন্ধন: কেবল আপনি এবং হল প্রতিনিধি বা তার উপরের পদবির স্বেচ্ছাসেবকরা।
আপনার প্রোফাইল ও ধারের বিবরণ: আপনি এবং স্বেচ্ছাসেবকরা।
ওয়েবসাইটে প্রকাশ্য: ধারের পরিমাণ, উদ্দেশ্য, তারিখ ও পরিশোধের অবস্থা — কিন্তু নাম নয়। কেবল আইডি ও নামের আদ্যক্ষর দেখানো হয়। কন্ট্রিবিউটরদের নাম ও অবদান প্রকাশ্য, কারণ তা তাঁদের সম্মাননা।
অন্য সদস্যরা: কতজন অনলাইনে আছেন কেবল তার সংখ্যা দেখতে পান — কারা, তা নয়।
৪. তৃতীয় পক্ষ
আমরা Google Firebase ব্যবহার করি (Authentication, Firestore, Storage, Realtime Database, Cloud Messaging, Google Analytics)। আপনি গুগল দিয়ে সাইন ইন করলে গুগল আপনার নাম, ইমেইল ও ছবি আমাদের দেয়। ফেসবুক যাচাই চালু করলে মেটা আপনার ফেসবুক আইডি ও নাম দেয়। এর বাইরে কোনো তৃতীয় পক্ষকে তথ্য দেওয়া হয় না। আমরা কোনো তথ্য বিক্রি করি না।
Google Analytics কেবল ১ নম্বর ধারায় বর্ণিত ব্যবহারের পরিসংখ্যান পায় — স্ক্রিন, ব্যর্থতা, ডিভাইসের মডেল ও একটি এলোমেলো শনাক্তকারী। আপনার নাম, নম্বর, কাগজপত্র, বার্তা বা ধারের বিবরণ কখনো পায় না। সেটিংস থেকে বন্ধ করলে তা আপনার ডিভাইসেই থেমে যায় — গুগলকে অনুরোধ করা হয় না, পাঠানোই বন্ধ হয়।
৫. কতদিন রাখা হয়
ধার চলাকালীন সব তথ্য রাখা হয়। ধার সম্পূর্ণ পরিশোধের পর এনআইডির ছবি ও নম্বর মুছে ফেলা যায় — অনুরোধ করলে। তবে ধারের আর্থিক হিসাব (তারিখ, পরিমাণ, পরিশোধ) তহবিলের নিরীক্ষার অংশ হিসেবে থেকে যায়, নাম বাদ দিয়ে।
৬. আপনার অধিকার
আপনি যেকোনো সময় আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তথ্য মুছে ফেলার নির্দেশনা দেখুন।
৭. শিশুদের তথ্য
এই কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আমরা জেনেশুনে ১৩ বছরের কম বয়সী কারও তথ্য সংগ্রহ করি না।
৮. যোগাযোগ
গোপনীয়তা সংক্রান্ত যেকোনো প্রশ্নে — dannoydhar@gmail.com অথবা ০১৭১১৭০৩১৫৩।